1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
জাবিতে একাডেমিক নিপীড়ন প্রতিরোধে নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

জাবিতে একাডেমিক নিপীড়ন প্রতিরোধে নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৩১ বার দেখা হয়েছে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সোমবার রাতে ‘স্টুডেন্টস ফর জাস্টিস’ নামে নতুন প্ল্যাটফর্ম ঘোষণার সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা।

জাবি প্রতিনিধি || জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের একাডেমিক ও নৈতিক অধিকারের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্টুডেন্টস ফর জাস্টিস’ নামে নতুন প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটে।

সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা জানিয়েছেন, একাডেমিক নিপীড়নের প্রতিকার ও প্রতিরোধের পাশাপাশি শিক্ষাঙ্গনে ছাত্র-শিক্ষকের মধ্যে সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলাই হবে তাদের প্রধান লক্ষ্য।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে দাবি করা হয়, জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীরা মৌলিক সংস্কার ও ন্যায়ভিত্তিক কাঠামো প্রতিষ্ঠার যে প্রত্যাশা করেছিলেন, তা পূরণ হয়নি। অভিযোগ করা হয়, গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং একাডেমিক ও প্রশাসনিক স্বচ্ছতায় ঘাটতি পরীলক্ষিত হচ্ছে।

‘স্টুডেন্টস ফর জাস্টিস’ প্ল্যাটফর্মের পক্ষে থেকে জানানো হয়, শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় জাকসুর কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন হলেও বর্তমানে তা যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

প্ল্যাটফর্মটি জানায়, তাদের কার্যক্রম হবে একাডেমিক নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিকারমূলক উদ্যোগ নেওয়া, ছাত্র-শিক্ষকের মধ্যে ইতিবাচক আলোচনার পরিবেশ নিশ্চিত করা, সুনির্দিষ্ট দাবি ও নীতিগত প্রস্তাবনা উপস্থাপন করা এবং দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের মতবিনিময়ের উন্মুক্ত মঞ্চ তৈরি করা।

প্ল্যাটফর্মের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে তিনটি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো- জুলাই ২০২৪-এর ঘটনায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে জড়িতদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গবেষণা ও ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযুক্তদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে যৌন নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এবং কঠোর শাস্তি প্রয়োগ।

প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, প্রশাসন যেন এসব অভিযোগ দ্রুত আমলে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করে প্রয়োজনীয় বিচারিক সিদ্ধান্তে পৌঁছায়। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা প্রমাণিত হবে বলে তারা মন্তব্য করেন।

প্ল্যাটফর্মটিতে সব শিক্ষার্থীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।‘

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT