নিজস্ব প্রতিবেদক || প্রবাসী শ্রমিকদের ওপর নির্যাতন ও নারী শ্রমিকদের যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট দূতাবাস ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।
সাইফুল হক বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী শ্রমিকদের যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ উদ্বেগজনক। অথচ এসব শ্রমিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দূতাবাস এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি খরচে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে হবে। এতে বিদেশ যেতে শ্রমিকদের ব্যয় কমানোর পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে।
শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সাইফুল হক নভেম্বরের মধ্যে জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পসহ সব খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের আহ্বান জানান তিনি।