দিনাজপুর প্রতিনিধি || দিনাজপুর জেলা কারাগারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত মো. নাদিম (৪৮) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সাড়ে সকাল ৮টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. নাদিম দিনাজপুর শহরের মিশন রোড এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি মাদকাসক্তির ইতিহাসসহ হঠাৎ অচেতন হয়ে পড়ার সমস্যায় ভুগছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
কারাগার সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজা নিয়ে গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে আসেন নাদিম। বুধবার (২৬ আগস্ট) তার সাজা শেষ হওয়ার কথা ছিল এবং আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল।
তবে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
দিনাজপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন কয়েদি জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।