কক্সবাজার প্রতিনিধি || কক্সবাজারে একরাম (৩৩) নামের এক যুবকের পেটে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকাপল্লী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একরাম কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া সমিতি বাজার এলাকার জালাল আহমেদের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন একরাম। পথে চার অস্ত্রধারী যুবক তার গতিরোধ করে। একপর্যায়ে একরামের পেটে গুলি চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, হামলার কারণ উদঘাটন এবং ব্যবহৃত অস্ত্রের উৎস শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।