1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার কিংবদন্তি’ বলে সাবেক ক্রিকেটারের খোঁচা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

বাবরকে ‘সোশ্যাল মিডিয়ার কিংবদন্তি’ বলে সাবেক ক্রিকেটারের খোঁচা

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
টানা ৪ বছর টেস্টে সেঞ্চুরি নেই বাবরের, লর্ডস টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ তিনি।

খেলাধুলা ডেস্ক || লর্ডসের ঐতিহাসিক মাঠে পাকিস্তান আরেকটি হতাশার টেস্ট শেষ করল। ইংল্যান্ডের কাছে ১৯৪ রানের বড় পরাজয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজও হাতছাড়া করেছে পাকিস্তান। আর এই হারের পর সবচেয়ে বড় প্রশ্ন উঠছে দলের সেরা ব্যাটসম্যান এবং অধিনায়ক বাবর আজমকে ঘিরে।

ইনজুরি কাটিয়ে দ্বিতীয় টেস্টে ফিরেছিলেন বাবর। কিন্তু প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হয়নি পাকিস্তান অধিনায়কের। প্রথম ইনিংসে ৮ রানের পর দ্বিতীয় ইনিংসে থেমেছেন মাত্র ৬ রানে। পাকিস্তানও ৩৮৯ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে গুটিয়ে যায় ১৯৪ রানে। একমাত্র সৌদ শাকিলই লড়াই করেছেন, ৯৭ রানের ইনিংসে।

এমন পারফরম্যান্সের পর বাবরের নেতৃত্ব ও ব্যাটিং সামর্থ্য নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী। ‘দ্য গেম প্ল্যান’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন পাকিস্তানের আগের প্রজন্মের তারকাদের কথা। তার মতে, কঠিন সময়ে পারফর্ম করেই কিংবদন্তি হয়েছেন তারা।

বাসিত বলেন, ‘মাজিদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ার, ইনজামাম-উল-হক বা ইউনিস খানের মতো তারকারা কঠিন সময়ে দলের দুর্দিনে পারফরম্যান্স করেই কিংবদন্তি হয়েছেন। তারা এমনিতেই গ্রেট খেলোয়াড় হয়ে ওঠেননি। আমি শচীন টেন্ডুলকারের কথা বলছি না, আমি আমার নিজের দেশের খেলোয়াড়দের কথা বলছি।’

এরপর বাবরের টেস্টে দীর্ঘদিনের সেঞ্চুরি-খরা নিয়েও তীব্র প্রশ্ন তোলেন সাবেক এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবরের জনপ্রিয়তা আর মাঠের পারফরম্যান্সকে এক পাল্লায় মাপতে নারাজ তিনি। বাসিতের ভাষায়, ‘যদি আপনি কঠিন সময়ে কিছু করতে না পারেন, তাহলে লাভটা কী? আপনি আপনার ফ্যান ফলোয়ারদের কাছে একজন মহান খেলোয়াড়। আপনি সোশ্যাল মিডিয়ায় কিংবদন্তি খেলোয়াড়। আমি বাবরকে নিয়েই কথা বলছি, তার নামই নিলাম। সে গত চার বছরে কোনো টেস্ট সেঞ্চুরি করেনি। তিনি কবে এটি করবেন? এটি অত্যন্ত বেদনার বিষয়, যখন পুরো দলের ব্যাটিংটাই তার ওপর নির্ভর করে। দয়া করে এমন বাজে শট খেলে আউট হবেন না!’

লর্ডসে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার চিত্র অবশ্য শুধু বাবরকে ঘিরে নয়। ৩৮৯ রানের লক্ষ্যে একসময় ১৪ রানেই তিন উইকেট হারানো দলকে কিছুটা লড়াইয়ে ফেরান সৌদ শাকিল ও শান মাসুদ। ৯৭ রানের জুটি গড়েন তারা। এরপর সৌদ একাই লড়াই চালিয়ে যান। ১২২ বলে ৯৭ রান করে সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থামেন এই বাঁহাতি ব্যাটার।

তবে সৌদের ইনিংসও পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি বাসিতকে। তার আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাসিত বলেন, ‘আমি সৌদের শট নিয়েও সন্তুষ্ট নই। আপনি পাঁচজন ফিল্ডারকে সামনে রেখে কেমন শট খেলছেন?’

মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং নিয়েও ছাড় দেননি পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসে মাত্র ১ রান করে ওলি রবিনসনের বলে এলবিডব্লিউ হন রিজওয়ান। রিজওয়ানের শট নির্বাচন নিয়ে বাসিতের মন্তব্য, ‘রিজওয়ান কেমন শট খেলল? তার কি কোনো বুদ্ধি নেই? সে কি টেস্ট ম্যাচ খেলছে নাকি গলির ক্রিকেট?’লর্ডসে এই হারের ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। প্রথম টেস্টে হেডিংলিতেও ১০৩ রানে হেরেছিল তারা। ফলে শেষ টেস্টে এখন আর সিরিজ বাঁচানোর সুযোগ নেই; বরং হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামতে হবে বাবরদের। তৃতীয় টেস্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT