নিজস্ব প্রতিবেদক || অভ্যুত্থান ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়েনি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে নতুন নারী নেতৃত্বও নিজেদের অধিকার নিয়ে প্রত্যাশিতভাবে সরব নয় বলেও উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সিডও দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের ইতিহাস ও রাষ্ট্র গঠনের প্রতিটি পর্যায়ে নারীর অবদান অপরিসীম। তবে সমাজে নারীর অবস্থান এখনো কাঙ্ক্ষিত মর্যাদায় পৌঁছায়নি।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি নারীর ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখছে। একই সঙ্গে নারীর সমঅধিকার, ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করতে সরকার কার্যকর অবস্থানে রয়েছে বলেও মন্তব্য করেন।
সেমিনারে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির আন্তর্জাতিক উপপরিষদের সদস্য লুনা নূর। মূল প্রবন্ধে উত্তরাধিকার ও সম্পদ-সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। প্রবন্ধে বলা হয়, সম্পত্তির মালিকানা নারীর অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক মর্যাদা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার অন্যতম ভিত্তি।
মুক্ত আলোচনায় অংশ নেওয়া বক্তারা সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়াতে রাজনৈতিক দলগুলোর আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নারীর সমঅধিকারকে সুযোগ বা অনুদান হিসেবে নয়, মৌলিক অধিকার হিসেবে দেখার ওপর গুরুত্বারোপ করেন।