1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ: আখতার - দৈনিক প্রথম ডাক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ: আখতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক || জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এখন তিনি ফ্যাসিবাদী কায়দায় সংবিধান রক্ষার মিশনে নেমেছেন। তবে জনগণের বিপক্ষে গিয়ে ফ্যাসিবাদী সংবিধান রক্ষার চেষ্টাতেও তিনি ব্যর্থ হবেন।”

রবিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে মাঠপর্যায় পর্যন্ত চাঁদাবাজি, সন্ত্রাস ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কিন্তু এসব অন্যায়, অবিচার, জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি।”

তিনি বলেন, “মিরপুরের লালমাটিয়া স্বাস্থ্যকেন্দ্র পুড়িয়ে দেওয়ার ঘটনায় শুধু একজনকে পদত্যাগের নাটক করিয়ে সামগ্রিকভাবে যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছে বর্তমান সরকার। এতে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই নয়, জনগণের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাসও তৈরি হয়েছে।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, “বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এলপিজি গ্যাসের দাম বৃদ্ধির পেছনে ইরান-আমেরিকার যুদ্ধের অজুহাত দেওয়া হচ্ছে।কিন্তু কলকাতায় যদি বাংলাদেশের তুলনায় অর্ধেক দামে এলপিজি পাওয়া যায়, তাহলে বাংলাদেশে কেন দ্বিগুণ দামে তা কিনতে হবে?”

তিনি বলেন, “সরকার এলপিজির যে দাম নির্ধারণ করেছে, সেই দামেও ভোক্তারা গ্যাস পাচ্ছেন না। মাঝখানে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে নেতাকর্মীদের অর্থ উপার্জনের ব্যবস্থা তৈরি হয়েছে। ১ হাজার ৮০০ টাকার এলপিজি সিলিন্ডার ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকায় কিনতে হচ্ছে। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়লে তার প্রভাব প্রতিটি পণ্যের ওপর পড়ে। ফলে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়।”

আখতার হোসেন বলেন, “৯ লাখ কোটি টাকার বেশি বাজেট পাসের সময়ই এনসিপি এটিকে ব্যর্থ বাজেট বলে মন্তব্য করেছিল। সরকার বলেছিল, কোনো পণ্যের দাম বাড়বে না। কিন্তু বাজেট প্রণয়নের আগেও দাম বেড়েছে, পরেও ধারাবাহিকভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে। সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছে না।”

দেশের গণতন্ত্র, বিচার বিভাগ, নির্বাচন, সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো নিয়ে ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে আখতার হোসেন বলেন, “যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি অতীতে আন্দোলন করেছে, এখন সেই ব্যবস্থা নিয়েই দলটি নাটক শুরু করেছে।”

তিনি বলেন, “অতীতে নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে বিচারপতিদের বয়স বাড়ানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ওয়ান-ইলেভেনের মতো ঘটনা ঘটেছিল। এ ধরনের পরিস্থিতি এড়াতে এনসিপি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা প্রণয়নের প্রস্তাব দিয়েছিল।”

আখতার হোসেন বলেন, “সংশ্লিষ্ট কমিশনে র‍্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে এবং গণভোটেও তা পাস হয়েছে। কিন্তু এখন বিএনপি সরকার নিজেদের মতো করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনের পথ তৈরি করছে।”

স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, “স্পিকার কীভাবে নির্দলীয় ব্যক্তি হবেন? তার আগের রাজনৈতিক অভিজ্ঞতা ও রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তিনি দলীয় সদস্যপদ ছেড়ে দিলেও তার রাজনৈতিক পরিচয় ও অতীত সংশ্লিষ্টতার বিষয়টি থেকে যায়। তাই তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যুক্তি বোধগম্য নয়।”

সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির সদস্য সচিব বলেন, “বাংলাদেশের মানুষ একদলীয় ও একপেশে সংবিধান সংশোধন কমিটি চায় না। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে চলমান সংকটের সমাধান চায় তারা।”

আখতার হোসেন বলেন, “দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের আয়োজন করেছে এনসিপি।”

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঢাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশকে রক্ষার এ যাত্রায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT