মুন্সীগঞ্জ প্রতিনিধি || মুন্সীগঞ্জের শ্রীনগরে পড়া না-পারার অজুহাতে মাদ্রাসা শিক্ষার্থীকে লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে বলে পরিবারের অভিযোগ।
শনিবার (১ আগস্ট) শিশুটির পরিবার দুই শিক্ষকের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করলে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
ভুক্তভোগী আঁখি আক্তার (৯) শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদ্রাসার শিক্ষক মো. সাফায়েত পড়া না-পারার অজুহাতে আঁখিকে কাঠের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। ঘটনাটি পরিবারের সদস্যদের জানালে আরও মারধর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ভয় পেয়ে আঁখি প্রথমে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। পরে তীব্র ব্যথায় কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আঁখি মারধরের ঘটনা বিস্তারিত জানায়। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
আঁখির বাবা মো. আলমগীর খান জানান, ঘটনার বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মো. তোফাজ্জলের কাছে অভিযোগ করা হলে তিনি বিষয়টি চেপে যাওয়ার কথা বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে তিনি শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করেন স্থানীয় এলাকাবাসী।
এ প্রসঙ্গে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।