সিলেট প্রতিনিধি || সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় দায়িত্ব গ্রহণ করেন তিনি।
এর আগে বিকেল ৪টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে এসএমপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
বিমানবন্দর থেকে পুলিশ অফিসার্স মেসে উপস্থিত হলে ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। একই সময়ে এসএমপির একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
সন্ধ্যায় নতুন পুলিশ কমিশনার সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেন এবং মাজার মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।
পরবর্তীতে তিনি এসএমপি সদর দপ্তরে উপস্থিত হয়ে বিভিন্ন শাখার কর্মকর্তা ও ফোর্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ অন্যান্য কর্মকর্তারা।