সিরাজগঞ্জ প্রতিনিধি || সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে, আজ বেলা ১১টার দিকে সদর উপজেলার সদানন্দপুর এলাকায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে লাইনচ্যুত হয়। ফলে অন্তত চারটি আন্তঃনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে এবং শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর সময় একটি বগির দুটি চাকার সংযোগ বিচ্ছিন্ন হয়ে বগিটি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চিলাহাটি এক্সপ্রেস উল্লাপাড়ায় আটকা রয়েছে। এছাড়া, যমুনা সেতু পূর্বপারে একতা এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।
পাকশী রেলওয়ে বিভাগের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ হতে তিন ঘণ্টা সময় লাগতে পারে।
পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার কাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।