1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
সত্যি কী অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা? - দৈনিক প্রথম ডাক
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সত্যি কী অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪০ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক || দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনেক দিন ধরে রুপালি জগত থেকে নিজেকে অনেকটা দূরে রেখেছেন। গত আট বছরে তার অভিনীত মাত্র পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। কোনো কোনো বছর তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। তার অভিনীত শেষ সিনেমা ২০২৪ সালে মুক্তি পায়।

গত বছরের সেপ্টেম্বরে মা হতে যাওয়ার ঘোষণা দেন ক্যাটরিনা কাইফ। একই বছরের নভেম্বরে পুত্রসন্তানের মা হন। এরপর থেকে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন তিনি। কয়েক মাস আগে জানা যায়, ক্যাটরিনা নতুন নতুন সিনেমার চিত্রনাট্য পড়ছেন। পাশাপাশি গল্প বাছাইও শুরু করেছেন। খুব ভেবেচিন্তে তার পরবর্তী প্রকল্পের সিদ্ধান্ত নেবেন তিনি। ২০২৭ সালের শেষ দিকে নতুন সিনেমা বা অন্য কোনো প্রকল্পের শুটিং শুরু করতে পারেন। কোনো কাজেই তাড়াহুড়া করতে চান না এই অভিনেত্রী। এ-ও জানা যায় যে, ওয়েব সিরিজ বা ডিজিটাল প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ক্যাটরিনা কাইফ। মা হওয়ার পর এমন চরিত্র খুঁজছেন, যা তার ব্যক্তিগত জীবন, পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

এরই মধ্যে নতুন করে জোর গুঞ্জন উড়ছে—অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা। সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন-ড্রামা ‘স্পিরিট’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আরো দাবি করা হয়, এই সিনেমার মাধ্যমে প্রায় দুই দশক পর তেলুগু সিনেমায় ফিরবেন। ফলে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। কিন্তু সত্যি কি অভিনয়ে ফিরছেন ক্যাটরিনা?

ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছড়িয়ে পড়া ক্যাটরিনার ফেরার খবরের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট একটি সূত্র। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এসব প্রতিবেদনের সত্যতা নাকচ করে সূত্রটি বলেন—“এগুলো সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।” বলিউড হাঙ্গামাকে সূত্রটি বলেন, “ক্যাটরিনা কাইফের ভবিষ্যৎ অভিনয় পরিকল্পনা নিয়ে যে দাবি করা হচ্ছে, তার মধ্যে বিন্দুমাত্র সত্যতা নেই। এসব প্রতিবেদন যাচাই-বাছাই ছাড়া, কেবল অনুমান ও ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।”

ঘোষণার পর থেকে ‘স্পিরিট’ সিনেমা নানা কারণে আলোচনায় রয়েছে। বিশেষ করে সিনেমাটির অভিনয়শিল্পী নির্বাচন নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছে। গত কয়েক বছরে একাধিক তারকার নাম এই সিনেমার সঙ্গে জড়িয়েছে। এর আগে কারিনা কাপুর খান ও সাইফ আলী খানকেও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে নেওয়া হতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। তবে সেসব বাস্তবে রূপ নেয়নি।

অভিনয়ে ফেরার খবর নিয়ে নানা জল্পনা-কল্পনা চললেও মুখে কুলুপ এঁটেছেন ক্যাটরিনা কাইফ। তার স্বামী ভিকি কৌশলও বিষয়টি নিয়ে নীরব ভূমিকায় রয়েছেন।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ চলচ্চিত্রে সর্বশেষ দেখা যায় ক্যাটরিনা কাইফকে। এটি পরিচালনা করেন শ্রীরাম রাঘবন। এতে তার সঙ্গে ছিলেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা বিজয় সেতুপতি। এরপর থেকে ঝলমলে দুনিয়ার লাইমলাইটে নেই ক্যাটরিনা। ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘এক থা টাইগার’–এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়ে বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেন তিনি। ভক্তরা এখন প্রিয় অভিনেত্রীকে বড়পর্দা কিংবা ওটিটিতে দেখার জন্য মুখিয়ে আছেন।

*বলিউড হাঙ্গামা অবলম্বনে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT