খুলনা প্রতিনিধি || খুলনায় পিস্তল ও গুলিসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ও সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগর গোয়েন্দা পুলিশ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়। এর আগে, বুধবার রাতে নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিবলী হোসেন রুবেল খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা মজিবর আকনের ছেলে।
মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, গত ৪ আগস্ট ভোরে নগরীর দোলখোলা মোতলেবের মোড়ে আব্দুল হক হাওলাদার নামের এক ব্যক্তিকে গুলি করে সন্ত্রাসীরা। এ ঘটনার সূত্র ধরে নগর গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শিবলী হোসেন রুবেলকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রুবেল খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ ও আশিক গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।