গোপালগঞ্জ প্রতিনিধি || জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই’ স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনকে আসামি করে মামলা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) রাতে ইমন ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে শনিবার স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। ওই দিন মধ্যরাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিলে নিচের অংশ আংশিক পুড়ে যায়। এ ঘটনায় ইমন ইসলাম বাদী হয়ে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানসহ ৩৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করে মামলা করেন।
ওসি জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
গত শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ১ নম্বর গেটসংলগ্ন এলাকায় স্মারক তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। সেদিন মধ্যরাতে দুর্বৃত্তরা তোরণটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তোরণের নিচের অংশ আংশিক পুড়ে যায়।