সিলেট প্রতিনিধি || সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, তার (শেখ হাসিনা) সরাসরি ফেরার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে ইতিমধ্যে রায় ঘোষিত হয়েছে এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সরকার। তিনি বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তর রয়েছে এবং এই অর্থবছর শেষ হওয়ার আগেই সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, আগস্ট মাস শেষ হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথ আলোচনার মাধ্যমে নির্বাচনের ধাপ ও সময়সূচি নির্ধারণ করবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেক এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।