1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
ভূমিকম্পের ঝুঁকি: ভবনগুলো ধাপে ধাপে পরীক্ষার উদ্যোগ - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
বিমানে কারিগরি ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন গোপালগঞ্জে পাঁচ দিনে আ.লীগের ২০০ নেতাকর্মীর পদত্যাগ না.গঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশু মারুফের মৃত্যু যুবদল নেতার ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী তনু হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর বাড়ির আন্ডারগ্রাউন্ডে চোরাই গরু, যুবদলকর্মী আটক একটানে উঠে এলো ২ হাজার ২০০ ইলিশ, সাড়ে ৪৮ লাখে বিক্রি জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে ক্যাফে আমাজনের ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

ভূমিকম্পের ঝুঁকি: ভবনগুলো ধাপে ধাপে পরীক্ষার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় অতিথিরা

নিজস্ব প্রতিবেদক || ঢাকায় ভূমিকম্প হলে কোন ভবন কতটা ঝুঁকিপূর্ণ, তা চিহ্নিত করতে রাজধানীর ভবনগুলোতে ধাপে ধাপে কারিগরি পরীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রথম পর্যায়ে ভবনের দৃশ্যমান ত্রুটি শনাক্ত করা হবে। ঝুঁকি পাওয়া গেলে পরবর্তী ধাপে প্রকৌশলগত পরীক্ষা এবং প্রয়োজন হলে বিস্তারিত কারিগরি মূল্যায়ন করা হবে।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকিতে দেশ: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

রাজউক চেয়ারম্যান বলেন, রাজধানীতে ভবনের সংখ্যা অনেক বেশি হওয়ায় একসঙ্গে সব স্থাপনার ঝুঁকি নিরূপণ করা সম্ভব নয়। এ কারণে পর্যায়ক্রমে র‌্যাপিড ভিজ্যুয়াল অ্যাসেসমেন্ট, প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট এবং ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা হবে।

তবে শুধু ভবনের উচ্চতা দেখেই ভূমিকম্পের ঝুঁকি নির্ধারণ করা যাবে না বলে সতর্ক করেন তিনি। ভবনের নকশায় ত্রুটি, নির্মাণে অনিয়ম, মাটির ধরন এবং প্রকৌশলগত মান ঠিকভাবে অনুসরণ না করাও বড় ঝুঁকি তৈরি করতে পারে।

‘অনুমোদিত ছয়তলা ভবনকে নিয়মবহির্ভূতভাবে ১০ তলা করার সুযোগ দেওয়া হবে না’- উল্লেখ করে তিনি বলেন, অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা ভবনের ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি ও আইনি যাচাই ছাড়া কোনো অনুমোদন দেওয়ার সুযোগ নেই।

নকশায় স্বাক্ষর করেই দায় শেষ নয়
ভবনের নকশা প্রণয়নকারী স্থপতি ও প্রকৌশলীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজউক চেয়ারম্যান। তিনি বলেন, শুধু নকশায় স্বাক্ষর করলেই প্রকৌশলী বা স্থপতির দায়িত্ব শেষ হয় না। নির্মাণকাজ অনুমোদিত নকশা অনুযায়ী হচ্ছে কি না, সেটিও তদারকি করতে হবে। অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ভবন মালিকদেরও অনুমোদিত নকশা অনুসরণ করে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি অকুপেন্সি সার্টিফিকেট নেওয়ার আহ্বান জানান তিনি।

ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, গণমাধ্যমে প্রকাশিত ভবন নির্মাণসংক্রান্ত অনিয়মের অভিযোগও যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে রাজউক।

ভূমিকম্পে শুধু ভবন নয়, মাটিও বড় বিষয়
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা করতে গিয়ে বিশেষজ্ঞরা শুধু ভবনের কাঠামোগত দুর্বলতা নয়, ঢাকার মাটির প্রকৃতি ও অপরিকল্পিত নগরায়ণের বিষয়টিও সামনে আনেন।

ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান বলেন, ভূমিকম্পের ঝুঁকি নির্ভর করে ভবন কোথায় এবং কী ধরনের মাটির ওপর নির্মিত হয়েছে তার ওপরও।

দুর্বল ও জলাভূমি এলাকায় অপরিকল্পিত আবাসন প্রকল্প ভূমিকম্পের ক্ষতির মাত্রা বাড়িয়ে দিতে পারে উল্লেখ করে তিনি এসব এলাকায় ভবন নির্মাণে আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানান।

৪১ ফায়ার স্টেশন প্রস্তুত, বিশেষ রেসপন্স টিম
ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতার প্রস্তুতির কথাও তুলে ধরেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাহিনীটির উপ-পরিচালক সালেহ উদ্দিন জানান, ঢাকার আশপাশের ৪১টি ফায়ার স্টেশনকে এয়ারমার্ক করা হয়েছে। পাশাপাশি বিশেষ রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে, যাতে ভূমিকম্পের পর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা যায়।

শুধু ফায়ার সার্ভিসের প্রস্তুতি দিয়ে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এজন্য সরকারি-বেসরকারি সব সংস্থার সমন্বিত প্রস্তুতি, নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

সালেহ উদ্দিন বলেন, ভূমিকম্পে মানুষ সাধারণত সরাসরি মারা যায় না; ভবন ও অন্যান্য স্থাপনা ধসে পড়ার কারণেই বড় ধরনের প্রাণহানি ঘটে। তাই ভবন নির্মাণের সময় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ও সংশ্লিষ্ট আইন মেনে চলার পাশাপাশি অগ্নিনিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

রাজউকের জন্য আলাদা গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগ
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় রাজউকের সক্ষমতা বাড়াতে একটি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান রিয়াজুল ইসলাম।

তিনি বলেন, ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের মাধ্যমে ভূমিকম্পের আগে ঝুঁকি নিরূপণ, প্রয়োজনীয় গবেষণা এবং জনসচেতনতা তৈরির কাজ করা হবে।

রাজউকের কার্যক্রম আরো শক্তিশালী করার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবন নির্মাণের অনিয়ম, ঝুঁকিপূর্ণ স্থাপনা ও নগর ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘এই কাজ একদিনে সম্ভব নয়’- উল্লেখ করে রাজউক চেয়ারম্যান বলেন, কাজ শুরু হয়েছে এবং যতটুকু সম্ভব তা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে।

অতিরিক্ত তলা নির্মাণে নজরদারি বাড়ানোর দাবি
আলোচনায় ঢাকার ভবনগুলোর অতিরিক্ত তলা নির্মাণের বিষয়টিও গুরুত্ব পায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, অনুমোদিত ভবনের বাইরে অতিরিক্ত তলা নির্মাণ করা ভবনগুলো দ্রুত চিহ্নিত করে পরিদর্শনের আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তিনি।

রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-১ মো. আব্দুর রাজ্জাক বলেন, ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রকৌশলী ও তদারকি সংস্থাগুলোকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালন করতে হবে।

ডুরার সভাপতি শাহজাহান মোল্লা বলেন, ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পের ঝুঁকি নিয়ে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও সক্রিয় হতে হবে। সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়েও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী হাসান আনসারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুরার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT