1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চীনা বিনিয়োগে নতুন গতি : পাইপলাইনে দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

চীনা বিনিয়োগে নতুন গতি : পাইপলাইনে দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে নতুন গতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে চীনসহ এশিয়ার বড় অর্থনীতির দেশগুলোর বিনিয়োগের আগ্রহ বাড়ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সক্রিয় উদ্যোগে গত এক বছরে প্রায় ১.৫ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ পাইপলাইনে আছে। এর মধ্যে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ ইতোমধ্যে বাস্তবায়ন বা চূড়ান্ত সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে।

বিডার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের বিনিয়োগ পাইপলাইনে ২০টি দেশের ৭০ জন সম্ভাব্য বিনিয়োগকারীকে যুক্ত করা হয়। এসব প্রস্তাবের মধ্যে চীন, তুরস্ক, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও দক্ষিণ কোরিয়া অন্যতম উৎস দেশ হিসেবে রয়েছে।

এ দিকে বাংলাদেশ ব্যাংক ও বিডার সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে অন্যতম বড় বিনিয়োগকারী দেশ চীন। ২০২৫ সালের ডিসেম্বর শেষে হংকংসহ চীন থেকে বাংলাদেশের মোট বৈদেশিক সরাসরি বিনিয়োগের স্টক দাঁড়িয়েছে প্রায় ৩.১৮৮ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডের বিনিয়োগের পরিমাণ প্রায় ১.৯১৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

চীনা বিনিয়োগে শিল্পের নতুন অধ্যায়
বাংলাদেশের বিনিয়োগ পাইপলাইনে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণ উল্লেখযোগ্য। টেক্সটাইল, নির্মাণসামগ্রী, প্রযুক্তি ও উৎপাদন খাতে একাধিক বড় প্রকল্প এগিয়ে যাচ্ছে।

চীনের শানডং হেনগলি টেক্সটাইল টেকনোলজির সহযোগী প্রতিষ্ঠান লিড বাংলাদেশ টেক্সটাইল টেকনোলজি নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে প্রায় ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগে আধুনিক উৎপাদন কারখানা স্থাপন করছে। প্রকল্পটি বাংলাদেশের টেক্সটাইল খাতে উন্নত প্রযুক্তি ও অটোমেশন যুক্ত করবে।

বিডার তথ্য অনুযায়ী, এই বিনিয়োগের মাধ্যমে দেশের রপ্তানিমুখী টেক্সটাইল ভ্যালু চেইন আরও শক্তিশালী হবে। উন্নত ফেব্রিকস ও টেক্সটাইল এক্সেসরিজের স্থানীয় উৎপাদন বাড়লে আমদানিনির্ভরতাও কমবে।

চীনের আরেক শিল্পপ্রতিষ্ঠান চাইনা লেসো গ্রুপ বাংলাদেশে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগে নির্মাণসামগ্রী উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। চট্টগ্রামের ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে এ প্রকল্পের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে পিভিসি ও পেক্স পাইপ, সোলার প্যানেল, স্যানিটারি পণ্যসহ বিভিন্ন নির্মাণসামগ্রী উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

বড় বিনিয়োগের পথে হংকং ও এশীয় কোম্পানি
বিনিয়োগ পাইপলাইনে শুধু চীন নয়; হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অন্যান্য দেশের কোম্পানিও যুক্ত হয়েছে।

হংকংভিত্তিক হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে টেক্সটাইল ও অ্যাপারেল খাতে বিনিয়োগ বাড়িয়ে ৩০০ মিলিয়ন ডলারে উন্নীত করেছে। মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলার বিনিয়োগে কারখানা স্থাপন করা হচ্ছে। দ্বিতীয় ধাপে কেরানীগঞ্জে আরও ২২০ মিলিয়ন ডলারের সমন্বিত টেক্সটাইল কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

বিডা জানাচ্ছে, ২০২৫ সালের পাইপলাইন থেকে সফলভাবে রূপ নেওয়া প্রকল্পগুলোর মধ্যে হ্যান্ডা ইন্ডাস্ট্রিজ অন্যতম বড় উদাহরণ। বিনিয়োগ সিদ্ধান্ত ও বাস্তবায়ন পর্যায়ে পৌঁছানো প্রকল্পগুলোর সফল কনভারশন রেট ১৫ শতাংশের বেশি, যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় ইতিবাচক বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এফডিআই প্রবাহে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
গত কয়েক বছরে বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগে ওঠানামা থাকলেও ২০২৫ সালে কিছুটা গতি ফিরেছে।

পঞ্জিকা বছর হিসাবে নিট এফডিআই প্রবাহ ছিল— ২০২১ সালে ১.৫৭২ বিলিয়ন ডলার; ২০২২ সালে ১.৫১৭ বিলিয়ন ডলার; ২০২৩ সালে ১.৪৬৪ বিলিয়ন ডলার; ২০২৪ সালে ১.২৭০ বিলিয়ন ডলার; ২০২৫ সালে ১.৭৭০ বিলিয়ন ডলার।

অর্থবছর হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে নিট এফডিআই দাঁড়িয়েছে ১.৬৮৬ বিলিয়ন ডলার।

বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ মেম্বার নাহিয়ান রহমান রোচি বলেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পাইপলাইনে থাকা বিনিয়োগ দ্রুত বাস্তবায়ন করা। অবকাঠামো, জ্বালানি, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসা সহজীকরণে অগ্রগতি হলে এশিয়ার বড় বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করা সম্ভব হবে।

২০২৬ সালে আরও দেড় বিলিয়ন ডলারের লক্ষ্য
বিডা জানিয়েছে, বিনিয়োগকারীদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ, খাতভিত্তিক লক্ষ্য নির্ধারণ এবং বিশেষায়িত সেবা ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ পাইপলাইন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ২০২৬ সালে নতুন করে আরও ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পাইপলাইনে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

অর্থনৈতিক কূটনীতি ও বিনিয়োগ আকর্ষণের নতুন কৌশলের মাধ্যমে বাংলাদেশ এখন শুধু রপ্তানি বাজার নয়, উৎপাদন ও প্রযুক্তির আঞ্চলিক কেন্দ্র হিসেবেও নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, চীনসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব বাংলাদেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে নতুন গতি আনতে পারে।

নাহিয়ান রহমান রোচি বলেন, বিনিয়োগে নতুন সুযোগ আসবে, তার আগে আস্থা তৈরি করতে হবে। আস্থাই মূল বিষয়।

তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বিদেশি বিনিয়োগ শুধু মূলধন নয়, প্রযুক্তি, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগও তৈরি করে। গ্লোবাল সংকটের মধ্যেও বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ধরে রাখতে পেরেছে।

তার মতে, চীনের বড় বিনিয়োগ, নতুন পাইপলাইন এবং ২০২৫ সালের এফডিআই প্রবৃদ্ধি বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা। তবে এখন সবচেয়ে বড় পরীক্ষা হবে, এই আগ্রহকে বাস্তব বিনিয়োগে পরিণত করা। বিডা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান নাহিয়ান রোচি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT