খুলনা প্রতিনিধি || খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় এক তরুণকে খুঁজতে এসে তার বাবাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে থাকা ওই তরুণের মায়ের শরীরে লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) নগরীর করিমনগরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিমুল বেগম (৪০) ওই এলাকার মুকুলের স্ত্রী। গুলিটি তার কোমরে বিদ্ধ হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ৪-৫ জনের একটি সশস্ত্র দল মোবাইল ফোন ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলে হৃদয়কে খুঁজতে আসে। এ সময় হৃদয়কে না পেয়ে তারা মুকুলকে গুলি করে। কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পেছনে থাকা তার স্ত্রী শিমুলের কোমরের ডান পাশে বিদ্ধ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদয়ের সঙ্গে অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।