নিজস্ব প্রতিবেদক || এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এবারও ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা। পাসের হার থেকে শুরু করে জিপিএ-৫ দুই ক্ষেত্রেই ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। ফলাফলে ফের প্রমাণ হলো, মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় মেয়েদের সাফল্যের ধারাবাহিকতা এখনো অটুট।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে প্রায় ৯ শতাংশ এগিয়ে ছাত্রীরা।
জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও একই চিত্র। এবার মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৬৩ হাজার ৮৯৬ জন, আর ছাত্র ৫২ হাজার ৭৮০ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রদের তুলনায় ১১ হাজার ১১৬ জন বেশি ছাত্রী রয়েছে।
শুধু জিপিএ-৫ নয়, মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যাতেও এগিয়ে মেয়েরা। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে ছাত্রী ৬ লাখ ৭ হাজার ৯৩৯ জন এবং ছাত্র ৫ লাখ ৩০ হাজার ৯৩৮ জন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফল প্রকাশের পর দেখা যাচ্ছে, সামগ্রিক পাসের হার কমলেও মেয়েদের সাফল্যের ব্যবধান আরো স্পষ্ট। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।