খুলনা প্রতিনিধি || খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার নগরীর ফরাজীপাড়ার আকবর স্টোরের সামনে তার ওপর হামলা হয়।
আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসাবে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, অনিন্দ্য কুমার দাস সন্ধ্যায় আকবর স্টোর থেকে বাজার করে বের হন। এ সময় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করে। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অনিন্দ্য কুমার দাসকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কী কারণে তার ওপর হামলা হয়েছে- তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে আমাদের লোক পাঠানো হয়েছে। তিনি ফিরে আসলে আমরা জানাতে পারব। অভিযোগ পেলে হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”