নিজস্ব প্রতিবেদক || দেশের বাইরে বিশেষ ব্যবস্থায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে এবার ৩৫৪ জন শিক্ষার্থী পাস করেছে। বিদেশের নয়টি কেন্দ্রে মোট ৪০২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪৮ জন অকৃতকার্য হয়েছে। বিদেশের কেন্দ্রগুলোতে গড় পাসের হার ৮৮ দশমিক ০৬ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত ফল অনুযায়ী, বিদেশের নয়টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। অন্যদিকে একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।
প্রবাসে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় এসব কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। দেশের বাইরে থেকেও শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে থাকে।
চলতি বছর সারাদেশে ১১টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।