নীলফামারী প্রতিনিধি || নীলফামারীর ডিমলায় একটি জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা। সাঁকোটি পার হওয়ার সময় হঠাৎ একাংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
বুধবার (১২ আগস্ট) উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর সাঁকো পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাউতারা নদীতে ব্রিজ না থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে ছিলেন। পরে তারা নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেন। বুধবার এমপি আব্দুর সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেটি পরিদর্শনে যান। সাঁকোতে ওঠার পরই সেটি ভেঙে পড়ে। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী পড়ে গিয়ে আহত হন। তবে, এ ঘটনায় সংসদ সদস্য অক্ষত রয়েছেন।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, সংসদ সদস্য আব্দুস সাত্তার জরাজীর্ণ কাঠের সাঁকো পরিদর্শনে এসেছিলেন। এ সময় লোকজন বেশি হওয়ায় সাঁকোটি ভেঙে পড়ে।
এ বিষয়ে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আব্দুস সাত্তার বলেন, স্থানীয়রা নিজস্ব অর্থায়নে একটি কাঠের সাঁকো তৈরি করেছিলেন। বুধবার নেতাকর্মীদের নিয়ে সেটি পরিদর্শনে গিয়েছিলাম। সাঁকোটি জরাজীর্ণ হওয়ায় আমরা ওঠার পরই পেছনের অংশ ভেঙে পড়ে। এতে কয়েকজন পড়ে গিয়ে তাদের জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিন জন আহত হয়েছেন। সরকারি অর্থায়নে সেখানে একটি ব্রিজ করার জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।