সিলেট প্রতিনিধি || সিলেট নগরীর রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রায়নগর এলাকার মিতালী নামের বাসাটির ১১১ নম্বর ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতর থেকে তিনটি মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।