সাভার প্রতিনিধি || ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার নব্য জেএমবি সদস্য আরিফকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সাভার মডেল থানা থেকে তাকে আদালতে পাঠানো হয়।
গত ১১ আগস্ট সিটিটিসি সদস্যরা সাভারের হেমায়েতপুর থেকে আরিফকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। পরে সন্ধায় তার দেওয়া তথ্যে হেমায়েতপুরের দক্ষিণ শ্যামপুর এলাকায় তার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। ওই বাসা থেকে ককটেলসহ অন্তত বেশ কিছু শক্তিশালী বোমা ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম পাওয়া যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় মোহাম্মদ আরিফ (২৬) সহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত সংগঠন নব্য জেএমবির সদস্য। নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে বিস্ফোরক দ্রব্যসহ তারা সাভার এলাকায় জড়ো হন। আরিফ ছাড়া অন্য আসামিরা পলাতক। তারা নিষিদ্ধ সংগঠনের আদর্শকে সমর্থন করে জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যার চেষ্টায় লিপ্ত রয়েছেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, গ্রেপ্তারকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।