খুলনা প্রতিনিধি || খুলনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আসামি শাহিন আলম গাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) খুলনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে জেলা আদালতের বিচারক মো. রাখিবুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হরিদাস তরফদার।
দণ্ডপ্রাপ্ত শাহিন আলম গাজী খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের বাসিন্দা মাহাবুর গাজীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ১ মে রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে যায়। এ সুযোগে তাকে ধর্ষণ করেন শাহীন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।
একই বছরের ৩০ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহীনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই বছরের ৭ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এই রায় ঘোষণা করেন।