ময়মনসিংহ প্রতিনিধি || ময়মনসিংহের মাসকান্দা এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত যুবকের নাম রাব্বী। তিনি মাসকান্দা হাই স্কুল রোড দক্ষিণ পাড়া এলাকার মোবারক হোসেন ভুট্টর ছেলে। রাব্বী বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাব্বী দুপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করেছিলেন। এ সময় কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। রাব্বী দৌড়ে একটি দোকানের ভেতর আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে প্রবেশ করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।
নিহত রাব্বীর চাচা হোসেন আলী বলেন, “আমার ভাতিজা সকালে বাসা থেকে বের হয়ে পাসপোর্ট অফিসের সামনের দোকানে যায়। এ সময় একদল যুবক তাকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। এখানে শত শত মানুষ দাড়িয়ে দেখছে, কেউ প্রতিবাদ করেনি। এখন আবার কেউ কিছু ভয়ে বলছে না। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পাসপোর্ট অফিস ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার প্রক্রিয়া চলছে। দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।