রংপুর প্রতিনিধি || রংপুরে অটোরিকশা গ্যারেজের তালাবদ্ধ ঘর থেকে আব্দুর রহমান (৬০) নামে এক গ্যারেজ মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে নগরীর আনসারীর মোড় এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই এলাকার মৃত তামিরুদ্দিনের ছেলে। পরে পুলিশ ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে তথ্যউপাত্ত সংগ্রহ করে দুপুর সাড়ে বারোটার দিকে নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে, মো. রুবেল মিয়া বলেন, আমার বাবা বৃদ্ধ বয়সে তিনটি বিয়ে করেছে। তৃতীয় বিয়ের সময় আমরা বাধা দিয়েছি কিন্তু মানেনি। স্ত্রীকে নিয়ে গ্যারেজের সাথে একটি কক্ষে থাকতো বাবা। শুনেছি কিছুদিন আগে তৃতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তার ঘরে আলমারিতে কয়েক লক্ষ টাকা ছিল। সেই টাকা লুট করে বাবাকে হত্যা করেছে কে বা কারা জানি না।
এদিকে, প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তাজহাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে দুষ্কৃতিকারীরা আব্দুর রহমানের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা নগদ টাকা লুট করে নিয়ে যায় এবং বাইরে থেকে গ্যারেজে তালা ঝুলিয়ে রাখে।
এ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে বলে জানান তিনি।