মাদারীপুর প্রতিনিধি || মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ‘ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে’ পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা এ তথ্য জানান।
আহতদের মধ্যে মাদ্রাসার শিক্ষার্থী আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। অপর আহত শিক্ষার্থীর নাম জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাড়ির মালিক ইমন সরদার বলেন, “আমার ঘরের সামনে কীভাবে এই বস্তুটি আসলো এবং বিস্ফোরিত হলো তা আমি জানি না।”
মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান বলেন, “মাদ্রাসার পাশে হঠাৎ একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।”
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম বলেন, “বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”