নিজস্ব প্রতিবেদক || শেয়ারবাজারে গত সপ্তাহে সূচক বেড়েছে। এ সময় সূচক বাড়ালেও অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। কমেছে বাজার মূলধনও। তবে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহ থেকে কিছুটা বেড়েছে।
শনিবার (১৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। আগের সপ্তাহের বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩০০ কোটি টাকা।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে উঠেছে। একই সময়ে ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯২ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৯৮৭ কোটি ৮২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৭২৭ কোটি ৩৭ লাখ টাকা। আলোচ্য সময়ে মোট লেনদেন বেড়েছে।
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় কম। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ১৮১ কোটি ৮৪ টাকা।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টির শেয়ার ও ইউনিটের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। বিপরীতে দর কমেছে ২০৮টির। এছাড়া অপরিবর্তিত ছিল ১৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।
খাতভিত্তিক লেনদেনে সবচেয়ে বেশি অংশ ছিল সাধারণ পাট খাতের। যা মোট দৈনিক গড় লেনদেনের ৪ দশমিক ২৭ শতাংশ। এরপর সেবা ও আবসান খাতের অংশগ্রহণ ছিল ৪ দশমিক ৪ শতাংশ। এরপর ছিল বস্ত্র, বিমা খাতের লেনদেনের অবস্থান।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বেক্সিমকো, শার্প ইন্ড্রাস্ট্রিজ, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এমএল ডাইং, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং, ব্রাক ব্যাংক, বেক্সিমকো ফার্মা, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স।