নিজস্ব প্রতিবেদক || অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক। অনুমোদিত মূলধন আগে ছিল ২ হাজার কোটি টাকা। এক হাজার কোটি বাড়ানোর পর হবে ৩ হাজার কোটি টাকা।
রোববার (১৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদিত মূলধন বাড়ানোর পাশাপাশি ব্যাংকটির পরিচালক ২ জন বাড়িয়ে ১০ জন করতে চায়। বর্তমানে পরিচালক রয়েছে ৮ জন। গত ১৩ আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রস্তাবগুলো বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
ব্যাংকটি জানিয়েছে, অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। এই মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে। এ ছাড়া ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবগুলোয় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে বিকাল ৩টায় এ সভা হবে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট ৬ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তি পাওয়ার পর এসব সিদ্ধান্ত কার্যকর হবে।