ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের শৈলকুপায় বিনা কার্ডে টিসিবির পণ্য সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে রড ও হাতুড়ি পেটায় গুরুতর আহত ইলিয়াস আলী (৭০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
সোমবার (২৪ আগস্ট) রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইলিয়াস আলী শৈলকুপা পৌর এলাকার মালিপাড়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালের দিকে বিনা কার্ডে টিসিবির পণ্য নিতে আসেন শৈলকুপার চতুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাজিদুল। কার্ড না থাকায় ইলিয়াস আলীর সঙ্গে মাজিদুলের বাকবিতণ্ডা হয়। একইদিন দুপুর ২টার দিকে ইলিয়াস আলী বাড়ি থেকে শহরের উদ্দেশ্যে বের হয়ে হাজি মোড়ে পৌঁছালে মাজিদুল তার ওপর অতর্কিত হামলা চালায়। লোহার রড ও হাতুড়ি দিয়ে তিনি ইলিয়াস আলীকে পিটিয়ে আহত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা মুমূর্ষু অবস্থায় ইলিয়াস আলীকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।
ইলিয়াস আলীর পুত্রবধূ সীমা খাতুন বলেন, “ঘটনার দিন দুপুরে আমার শ্বশুর বাজারে যাওয়ার পথে হাজি মোড়ে পৌঁছালে মাজিদুল রড ও হাতুড়ি দিয়ে তাকে পিটিয়ে আহত করে। চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় আমার শ্বশুর মারা যান।”
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় আহত এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।