মেহেরপুর প্রতিনিধি || মেহেরপুরে মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রেমিকার ডান হাত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে তার মা-বাবাকেও আহত করার ঘটনা ঘটে। অভিযুক্ত সায়ন পলাতক।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ঘটনা ঘটে।
আহত স্মৃতি খাতুন (১৭) একই এলাকার ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের মেয়ে। অভিযুক্ত সায়ন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সেলিম হোসেনের বাড়িতে প্রবেশ করেন সায়ন। তিনি স্মৃতির ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালান। একপর্যায়ে কুপিয়ে তার ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন করে দেন। এ সময় স্মৃতির চিৎকার শুনে তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন ছুটে আসেন। সায়ন তাদেরকেও কুপিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্মৃতি, তার বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, নৃশংস হামলার পর অভিযুক্ত সায়নকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে।