কুমিল্লা প্রতিনিধি || ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থেকে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন আমিরুন্নেছা নামে এক রোগী। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
মারা যাওয়া আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।
আমিরুন্নেছার স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কে তীব্র যানজট থাকায় গাড়িটি আর সামনে এগোতে পারেনি।
তিনি বলেন, “প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছার মৃত্যু হয়।”
স্বজনদের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়তো তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। তবে, যানজটের কারণে সেই সুযোগ আর হয়নি।
নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে তীব্র যানজট দেখা দেয়। শুক্রবার রাত থেকে শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত কুমিল্লার চান্দিনা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা।
শনিবার সকালে কুমিল্লা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। এ সময় মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করানো হয়। ফলে যানবাহনের চাপ বাড়তে বাড়তে একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোথাও যানবাহন ধীরগতিতে চললেও অধিকাংশ স্থানে প্রায় স্থবির হয়ে পড়ে।
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, “দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানা বিস্তারিত বলতে পারবে।”
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, “আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের দুই লেনের একটি লেনে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ করছে। ফলে এক লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচল করায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”