খাগড়াছড়ি প্রতিনিধি || খাগড়াছড়ির দীঘিনালায় এক সপ্তাহের ব্যবধানে ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।
এলাকাবাসী জানান, মেরুং ইউনিয়নের বাঁচা মেরুং স্টিল ব্রিজ এলাকার সড়ক ও ব্রিজের ওপর পানি উঠে যাওয়ায় দীঘিনালা-লংগদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে চলাচলকারী মানুষকে পানিবন্দি সড়কের অংশ নৌকায় পার হতে হচ্ছে।
অন্যদিকে, কবাখালী ইউনিয়নের মাইনী ব্রিজসংলগ্ন কবরস্থান এলাকায় সড়কের ওপর পানি উঠলেও তা তুলনামূলক কম থাকায় দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, বারবার এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি ও মাছের খামার। পানিতে তলিয়ে গেছে ফসলের জমি। বিভিন্ন মাছের খামারে পানি ঢুকে মাছ ভেসে যাওয়ার আশঙ্কায় খামারিরা।
মেরুং এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম ও মো. রমিজ উদ্দিন জানান, এর মধ্যে তিন দফা বন্যায় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এই বারবার বন্যার ফলে তাদের এলাকার রাস্তাঘাটসহ ফসলি জমি নষ্ট হচ্ছে। তারা খুব কষ্টে ও দুচিন্তায় আছেন। তারা দ্রুত পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।