1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
নতুন পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::

নতুন পে-স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক || সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলী-২০২৬ও অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পে-স্কেল ১ জুলাই, ২০২৬ থেকে কার্যকর হবে। তবে, সরকারের আর্থিক সক্ষমতা ও মূল্যস্ফীতির বিষয় বিবেচনায় মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, আর বিভিন্ন ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।

২০ গ্রেড বহাল, কমছে বেতন বৈষম্য
নতুন বেতন স্কেলে বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

সরকার বলছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বর্তমানের ১:৯.৪৫ থেকে কমিয়ে ১:৭.৮ করা হয়েছে। এর ফলে নিম্ন আয়ের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন। নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে।

তিন ধাপে মূল বেতন, ভাতা একসঙ্গে
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী, মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। সরকার জানিয়েছে, কম আয়ের বিষয়টি বিবেচনায় ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যদিকে, বাড়িভাড়াসহ অন্যান্য ভাতা ১ জানুয়ারি ২০২৮ থেকে একযোগে কার্যকর হবে।পেনশনভোগীদের ক্ষেত্রেও একই ধরনের ধাপভিত্তিক ব্যবস্থা অনুসরণ করা হবে।

পেনশন বাড়বে স্ল্যাবভিত্তিক
‘ওয়ান র‌্যাঙ্ক ওয়ান পেনশন (ওআরওপি)’ নীতি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, আপাতত অবসরপ্রাপ্তদের জন্য স্ল্যাবভিত্তিক নিট পেনশন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী—
* ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন: ১০০ শতাংশ বৃদ্ধি
* ৯,০০১–২০,০০০ টাকা: ৭৫ শতাংশ
* ২০,০০১–৩০,০০০ টাকা: ৬৫ শতাংশ
* ৩০,০০১–৪০,০০০ টাকা: ৬০ শতাংশ
* ৪০,০০১ টাকা বা তার বেশি: ৫৫ শতাংশ
এতে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং কম পেনশন পাওয়া ব্যক্তিরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

প্রথমবার চালু হচ্ছে প্রতিবন্ধী সন্তান ভাতা
নতুন বেতন স্কেলে সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের ভাতা চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় প্রতি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়া হবে।

আগে কেবল পঞ্চম গ্রেড পর্যন্ত সীমাবদ্ধ থাকা মোবাইল ভাতা এখন সব গ্রেডের কর্মচারীর জন্য সম্প্রসারণ করা হয়েছে।

ব্যয় হবে ১ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি
সরকারের হিসাবে নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক কর্মচারী এবং সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগী উপকৃত হবেন।

এজন্য সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা। সরকার জানিয়েছে, এ ব্যয়ের সংস্থান মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতায় সংশ্লিষ্ট অর্থবছরগুলোর বাজেটে রাখা হয়েছে।

জুডিশিয়াল সার্ভিসে আসবে পৃথক বেতন স্কেল
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক বেতন স্কেল অনুমোদন করা হবে, যা জাতীয় বেতনস্কেল-২০২৬-এর মতোই ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হবে।

অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বেতন স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রজ্ঞাপন, আদেশ ও নির্দেশনা শিগগিরই জারি করা হবে। সেখানে বেতন নির্ধারণের পদ্ধতি, ভাতা, পেনশন ও অন্যান্য সুবিধার বিস্তারিত বিধান উল্লেখ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT