গাজীপুর প্রতিনিধি || গাজীপুর মহানগরের ইটাহাটায় বাসচাপায় এক পোশাকশ্রমিক নিহতের খবরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকদের একটি দল তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম আক্তার নামের এক পোশাকশ্রমিক। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও সহকর্মীরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুপুরে মরিয়মের মৃত্যুর খবর তার কর্মস্থলে পৌঁছালে সহকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকদের একটি দল তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেন অভিযোগ।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, বাসচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন। তার মৃত্যুর খবর পেয়ে সহকর্মীরা ক্ষুব্ধ হয়ে একটি বাসে আগুন ধরিয়ে দেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নিহত মরিয়ম আক্তার স্থানীয় একটি সোয়েটার কারখানায় কর্মরত ছিলেন। তবে, তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।