নিজস্ব প্রতিবেদক || জাতীয় সংসদকে কার্যকর ও গণতান্ত্রিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংসদে দুই পক্ষের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও বলেছেন তিনি।
সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদকে আরো কার্যকর করে তোলা এবং গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করার বিষয়ে মতবিনিময় হয়। এ সময় সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদের কার্যক্রমে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন শফিকুর রহমান।
আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলাপ-আলোচনা ও সংলাপ চালু রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংসদে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে গণতান্ত্রিক চর্চাকে আরো শক্তিশালী করার বিষয়ে কথা বলেন তারা।
বৈঠকে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আরো গতিশীল ও কার্যকর করার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি তরুণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে আরো বেশি সম্পৃক্ত করা এবং তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। আইপিইউর পক্ষ থেকে তরুণ সংসদ সদস্যদের অংশগ্রহণ বাড়ানোকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়।
আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী ও কার্যকর করতে আইপিইউ প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও তিনি জানান।
বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে।
সাক্ষাৎকালে আইপিইউর সেক্রেটারি জেনারেলের সঙ্গে সংস্থাটির প্রোগ্রাম অফিসার রবার্তো রদ্রিগেজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ অ্যাংগোরো উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি, বিরোধী দলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।