নিজস্ব প্রতিবেদক || ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রবিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড় এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কয়েক দিন ধরে মিরপুর এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় আজও তারা সড়কে নেমে বিক্ষোভ করছেন।
এর আগে, শনিবার মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরের পাশাপাশি মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। ওই দিন আন্দোলনের একপর্যায়ে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটে।