1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মোংলায় বেতন দিতে বিলম্ব হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক প্রথম ডাক
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

মোংলায় বেতন দিতে বিলম্ব হওয়ায় শ্রমিকদের বিক্ষোভ

মোংলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
মোংলা ইপিজেডের ‘জিন লাইট’ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

মোংলা প্রতিনিধি || বেতন-ভাতা পরিশোধে বিলম্বকে কেন্দ্র করে মোংলা ইপিজেডের ‘জিন লাইট’ পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সোমবার (১০ আগস্ট) সকালে কারখানার একটি ভবনে আগুন লাগার পর শ্রমিকরা নিচে নেমে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি সামাল দিতে কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার শ্রমিকদের অভিযোগ, মোংলা ইপিজেডের অন্যান্য কারখানায় সাধারণত মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হলেও জিন লাইটে ৭ তারিখের আগে বেতন দেওয়া হয় না। কোনো কোনো মাসে আরও কয়েক দিন বিলম্ব হয়। সময়মতো বেতন-ভাতা না পাওয়ায় দীর্ঘদিন ধরে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল। চলতি মাসে বেতন পরিশোধে আরও বিলম্ব হওয়ায় সেই ক্ষোভ প্রকাশ্যে আসে।

শ্রমিকরা জানান, সোমবার সকালে যথারীতি তারা কাজে যোগ দেন। সকাল ১০টার দিকে হঠাৎ কারখানার একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। এ সময় আতঙ্কিত হয়ে শ্রমিকরা দ্রুত ভবন থেকে নিচে নেমে আসে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে তারা কারখানা চত্বরে অবস্থান নিয়ে জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান। এক পর্যায়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে কারখানা কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ছুটি ঘোষণা করে।

শ্রমিকদের অভিযোগ, বেতন পাওয়ার নির্ধারিত সময় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। মাসের শুরুতে সংসারের খরচ, বাসাভাড়া, খাবার ও সন্তানদের পড়াশোনার ব্যয়সহ নানা প্রয়োজন মেটাতে বেতনের ওপর নির্ভর করতে হয়। কিন্তু বেতন নিয়মিতভাবে বিলম্বিত হওয়ায় তাদের ভোগান্তিতে পড়তে হয়। এ কারণে কয়েক মাস ধরে শ্রমিকদের মধ্যে ক্ষোভ জমে ছিল।

জিন লাইট কারখানায় প্রায় ৯ হাজার শ্রমিক কর্মরত। বিপুলসংখ্যক শ্রমিকের বেতন পরিশোধে বিলম্বের বিষয়টি নিয়ে এর আগেও অসন্তোষ তৈরি হয়েছে বলে শ্রমিকরা দাবি করেন।

এ বিষয়ে জিন লাইট কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) হৃদয় মাহমুদের বক্তব্য জানতে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম আবুল বাসার শ্রমিকদের বেতন নিয়ে অসন্তোষ ও বিক্ষোভের বিষয়টি জানান। তিনি বলেন, চলতি মাসে জিন লাইটের শ্রমিকদের বেতন পরিশোধে কিছুটা বিলম্ব হয়েছে। তবে শ্রমিকদের বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সোমবারের মধ্যে তাদের বেতন পরিশোধ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT