1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি চরমে - দৈনিক প্রথম ডাক
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ ::
সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার বেতন ৩০ হাজারের দাবিতে আজও মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ বন্দরে সতর্কতা টালিউডে ‘ব্যান কালচার’ বন্ধে কড়া পদক্ষেপ, শিল্পীদের জন্য নতুন নিয়ম রোমাঞ্চকর ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে পাকিস্তানের শিরোপা জয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও সাংবাদিক নিধি রাজদানের নতুন জীবনের সূচনা পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ: গোলাম পরওয়ার ঢাকার বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২, আজ উদ্বোধন ৬টির টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল এমপি আজিজের ভিডিও সত্য না ভুয়া, তদন্তে নাটোর জেলা বিএনপি

মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি চরমে

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার দেখা হয়েছে

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || চার বছর ধরে গাজীপুরের কালীগঞ্জে বসবাস করছেন সিরাজগঞ্জের আব্দুল কাদের (৩০)। স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করা এই শ্রমিক রবিবার (৩০ নভেম্বর) সকালে তার অসুস্থ মা জরিনা বেগমকে রক্ত দিতে নিয়ে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদের সঙ্গে ছিলেন রক্তদাতা।

কাদের জানান, পরিকল্পনা ছিল, মাকে রক্ত দেওয়া শেষে বাড়িতে গিয়ে বিশ্রাম নিয়ে রাতে কারখানার কাজে যোগ দেবেন। সকাল ৯টার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের সামনে গিয়ে দেখেন, দরজায় তালা ঝুলছে। সেখানে কর্মরতদের সবাই তখন বাইরে কর্মবিরতি পালন করেছেন। নিরুপায় হয়ে মাকে নিয়ে ফিরে যেতে হয়েছে তাকে।

শুধু কাদের একাই নন, কর্মবিরতির কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন হাসপাতালে আসা আরো অনেক রোগী ও তাদের স্বজনরা।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ সকাল থেকে কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই কর্মবিরতি পালিত হয়।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ উপজেলা শাখার সমন্বয়কারী মো. হাফিজুর রহমান বলেন, “ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছি। দাবি মানা না হলে, আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও সমাধান না এলে ৪ ডিসেম্বর পূর্ণ কর্মদিবস ও ‘কমপ্লিট শাটডাউন’-এর মাধ্যমে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।”

তিনি জানান, কর্মসূচি চলাকালে জরুরি বিভাগ চালু থাকলেও অন্যান্য বিভাগে সেবা কার্যক্রম সীমিত রাখা হয়েছিল। তিনি দ্রুত দাবি মেনে নিতে সরকারের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

হাসপাতালে চিকিৎসা নিতে এসে দুর্ভোগের কথা জানান মামুন মিয়া। তিনি বলেন, “শরীরের প্রচণ্ড ব্যথা নিয়ে সকাল ৯টায় হাসপাতালে আসি। চিকিৎসকের পরামর্শ নিলেও ওষুধ নিতে ফার্মেসির সামনে সাড়ে ৯টা থেকে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফার্মেসির কর্মীরা সবাই আন্দোলনে থাকায় ওষুধ না নিয়েই ফিরে যেতে হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার ২২১ নম্বর কক্ষের সামনে ডিজিটাল এক্সরে করাতে বহু রোগী ও স্বজনের জটলা দেখা যায়। রুমের দরজাও তালাবদ্ধ। দীর্ঘ অপেক্ষা আর হতাশায় ক্ষুব্ধ হয়ে একজন রোগী জানান, কয়েকদিন পরপর আন্দোলন! শেষ ভোগান্তি তো পোহাতে হয় সাধারণ মানুষকে। সরকার দ্রুত সিদ্ধান্ত নিলে এই যন্ত্রণা সহ্য করতে হতো না।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, দীর্ঘদিন ধরে পেশাগত বৈষম্য নিরসন ও ন্যায্য মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথে নেমেছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ বলেন, “মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হয়েছে। তাদের আন্দোলনের কারণে কিছুটা সেবা বিঘ্নিত হলেও জরুরি সেবাকে অগ্রাধিকার দিয়ে চালু রাখা হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং সবাইকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT