1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
প্রথম বাংলাদেশ সফরের স্মৃতি কোনো দিন ভুলব না: মধুমিতা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

প্রথম বাংলাদেশ সফরের স্মৃতি কোনো দিন ভুলব না: মধুমিতা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
সংবাদ সম্মেলনে কথা বলছেন মধুমিতা সরকার

বিনোদন প্রতিবেদক || দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশে পা রাখলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ওপার বাংলায় যেমনই হোক, এপার বাংলার ঘরে ঘরে তিনি বহু বছর ধরে পরিচিত ‘পাখি’ নামে। তবে এবার সেই চেনা খোলস ভেঙে নতুন এক পরিচয়ে দর্শকের সামনে আসতে চলেছেন। ঢালিউডে তার প্রথম সিনেমা ‘গুলশানের চামেলি’। এ সিনেমার মাধ্যমে নতুন পরিচয়ে হাজির হবেন এই তারকা।

শনিবার (১ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘গুলশানের চামেলি’ সিনেমার জমকালো মহরত ও সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি মধুমিতা সরকার। বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ও অনুভূতির কথা প্রকাশ করতে গিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভাসালেন ভক্ত-অনুরাগীদের।

আবেগাপ্লুত মধুমিতা সরকার বলেন, “আমি একটাই কথা বলব—এতটা ভালোবাসা পেয়ে আমি সত্যিই অনেক আপ্লুত। এত পজিটিভিটি আর শুভশক্তি নিয়ে যখন জার্নিটা শুরু করছি, এরচেয়ে ভালো আর কী হতে পারে! সবার এত এত আশীর্বাদ পাচ্ছি, সিনেমাটা ভালো হতে বাধ্য।”

দীর্ঘ ১০-১২ বছর ধরে বাংলাদেশি দর্শকরা মধুমিতাকে ভালোবেসে আগলে রেখেছেন ‘বোঝে না সে বোঝে না’ টিভি সিরিয়ালের ‘পাখি’ চরিত্রের মাধ্যমে। তবে এবার তিনি নতুন এক সত্তা নিয়ে হাজির হতে চান। আশাবাদ ব্যক্ত করে মধুমিতা সরকার বলেন, “আপনারা ১০-১২ বছর ধরে আমাকে ‘পাখি’ হিসেবে চিনেন। এবার আমি চাই, আপনারা আমাকে ‘চামেলি’ হিসেবে চিনুন ও ভালোবাসুন। সত্যি নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী মনে হচ্ছে, সবার ভাগ্য এমন হয় না।”

অনেক আগে থেকেই বাংলাদেশে আসার পরিকল্পনা থাকলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি বলে জানান মধুমিতা সরকার। তবে সঠিক সময়ে, সঠিক প্রজেক্টের মাধ্যমে আসতে পেরে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ এই অভিনেত্রী। সহশিল্পীদের প্রশংসা করে মধুমিতা সরকার বলেন, “অনেক বছর ধরে বাংলাদেশে আসার কথা ছিল। কিন্তু কোনো না কোনো কারণে তা হয়ে ওঠেনি। এবার এই সিনেমার মাধ্যমে এলাম এবং এত দারুণ সব কাস্ট অ্যান্ড ক্রু পেয়েছি যে মনে হচ্ছে—যা হয়, মঙ্গলের জন্যই হয়। যে ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে এই যাত্রা শুরু করলাম, তা যেন শেষ পর্যন্ত বজায় থাকে। আপনারা যে বিশ্বাস ও সম্মান নিয়ে আমাকে এনেছেন, আমি যেন কাজের মাধ্যমে তার সঠিক মর্যাদা রাখতে পারি।”

গণমাধ্যমকর্মী, শুভাকাঙ্ক্ষীদের ভিড় আর মানুষের মুখের হাসি দেখে নিজের ভালো লাগার কথাও জানান মধুমিতা। তিনি বলেন, “প্রথমবারের মতো এতগুলো পরিচিত-অপরিচিত মুখ, তাদের মুখের অতটুকু হাসি… এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আমার প্রথম বাংলাদেশ সফর আর প্রথম ভিজিটটা আমি কোনোদিন ভুলব না। এত চমৎকারভাবে আমাকে ওয়েলকাম জানানোর জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।”

‘গুলশানের চামেলি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে সুবাস ছড়াতে যাচ্ছেন মধুমিতা। সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরুর মধ্য দিয়ে দুই বাংলার বিনোদনপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সিনেমাটিতে আরো অভিনয় করবেন—অনন্ত জলিল, ওমর সানী, আমিন খান, রোজিনা, মিশা সাওদাগর, আজমেরী হক বাঁধন প্রমুখ। এটি পরিচালনা করবেন মো. ইকবাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT