বিনোদন ডেস্ক || আগামীকাল (৫ আগস্ট) বিকেল ৩টা রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। জুলাই আন্দোলনের স্মৃতিকে ধারণ করে মুনসুন কালচারাল অ্যালায়েন্স এই কনসার্টের আয়োজন করেছে। এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও একঝাঁক সংগীতশিল্পী।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও র্যাপার সেজান। তাছাড়া বিশেষ পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী।
ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার জন্ম হয়েছিল, তা সংগীতের মাধ্যমে উদযাপন করাই এই কনসার্টের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন আসিফ আকবর। নিজের গাওয়া জনপ্রিয় গানের লাইন উদ্ধৃত করে এই শিল্পী লেখেন, “বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ।” একই সঙ্গে ভক্তদের ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়ে একসঙ্গে গান গাওয়ার আমন্ত্রণও জানান আসিফ আকবর।
সবার প্রতি আহ্বান জানিয়ে শিরোনামহীন এক ভিডিওবার্তায় বলে, “গণঅভ্যুত্থান স্মরণে ৫ আগস্ট আমরা শিরোনামহীন মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি ‘বর্ষা বিপ্লবের গান’ নিয়ে। একসঙ্গে গাইব আমাদের সম্মিলিত সাহস ও ভালোবাসার গান। সবাইকে সঙ্গে চাই।”
র্যাপার সেজান বলেন, “একটা মঞ্চ, হাজারো কণ্ঠ আর একটাই অনুভূতি—একসঙ্গে গাইব, একসঙ্গে থাকব। ৫ আগস্ট দেখা হবে। গান শুধু বিনোদন নয়, মানুষের অনুভূতি আর ইতিহাসেরও ভাষা। আমরা সবাই একসঙ্গে গাইব, সবার সঙ্গে দেখা হবে কসসার্টে।”