বিনোদন ডেস্ক || কয়েক দিন আগে নাচতে গিয়ে রাশমিকা মান্দানার হিপের টেন্ডন ছিঁড়ে গেছে। তার এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত-অনুরাগীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। তবে এ নিয়ে টুঁ-শব্দও করেননি ভারতের দক্ষিণী সিনেমার এই তারকা। অবশেষে আড়াল ভেঙে বিস্তারিত জানালেন এই ‘পুষ্পা’ তারকা।
রাশমিকা মান্দানা বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। এসব ছবিতে তাকে বেশ উৎফুল্ল দেখাচ্ছে। দীর্ঘ ক্যাপশনে ঘটনার বিস্তারিত বয়ান করেছেন। রাশমিকা মান্দানা বলেন, “আঘাত পাওয়া সত্যিই খুব বিরক্তিকর। আমি সত্যিই চেয়েছিলাম, কেউ যেন ঘটনাটি জানতে না পারেন। কিন্তু শেষ পর্যন্ত জানাজানি হয়েই গেল। কিছুদিন একদম উধাও ছিলাম, তার জন্য দুঃখিত। তবে আমি ফিরে এসেছি।”

রাশমিকা মান্দানা
শুটিং করতে গিয়ে টানা কয়েকবার আহত হয়েছেন রাশমিকা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “কিছুদিন আগে ঘটনাটি ঘটেছে। আর এটা আমার টানা তৃতীয় আঘাত। সত্যিই শেখা উচিত—আমার শরীরকে একটা মানুষের শরীরের মতো যত্ন নিতে হবে, কোনো মেশিনের মতো নয়।”
কোথায় আঘাত পেয়েছেন তা মজার ছলে বর্ণনা করেছেন রাশমিকা। এ অভিনেত্রী বলেন, “আসল আঘাতটা হলো…। কীভাবে বোঝাই? চলুন, এবার জীববিজ্ঞানের শিক্ষক হয়ে বলি! হিপের দুই পাশে চারটি করে টেন্ডন থাকে, যেগুলো হিপকে পায়ের সঙ্গে সংযুক্ত রাখে। আমার ডান পাশের হিপের একটি টেন্ডন ছিঁড়ে গেছে। এখন সেটা আবার ঠিকমতো জোড়া লাগতে হবে, তাহলেই স্বাভাবিকভাবে পা তুলতে বা নাড়াতে পারব।”

রাশমিকা মান্দানা
কোন সিনেমার শুটিং সেটে ঘটনাটি ঘটেছে তা নিয়ে সংশয় ছিল। ভারতীয় গণমাধ্যম ‘মায়সা’ অথবা ‘রানাবালি’ সিনেমার কথা উল্লেখ করেছিল। তবে এই সংশয় দূর করে রাশমিকা মান্দানা বলেন, “মায়সা’ সিনেমার নাচের শুটিংয়ের সময়ে ঘটনাটি ঘটেছে। আমার করা সবচেয়ে কঠিন ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং সিনেমা এটি।”
ভক্তদের আশ্বস্ত করে রাশমিকা মান্দানা বলেন, “তবে আপনারা চিন্তা করবেন না। যদিও এখনো ব্যথা আছে। কিন্তু অসহ্য কিছু নয়। তাই সব ঠিকই আছে। আমার মনে হচ্ছে, ঈশ্বর যেন বলছেন—‘তুমি তো নিজে থেকে কোনোদিন বিশ্রাম নেবে না। তাই নাও, আমিই তোমাকে জোর করে বিশ্রাম দিচ্ছি।”

বর বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকা মান্দানা
আপাতত পাজল খেলে বাসায় সময় কাটাচ্ছেন রাশমিকা মান্দানা। তিনি বলেন, “এখন জোর করে ছুটি কাটাতে হচ্ছে। সত্যি বলতে, এ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এই সময়ে আমি অনেক পাজল খেলছি। আগে জানতামই না, আমি এত ভালো খেলি!”
ফিট থাকতে রাশমিকা মান্দানা নিয়মিত ব্যায়াম করেন। কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না। ফলে ব্যাপারটি নিয়ে চিন্তিত। বিষয়টি নিয়ে এ অভিনেত্রী বলেন, “আমি প্রাণপণ চেষ্টা করছি ওজন যেন না বেড়ে যায়। কারণ আমি ওয়ার্কআউট করি আর অনেক দৌড়াই; যেটা আমাকে ফিট রাখে। কিন্তু এখন তো কিছুদিনের জন্য না দৌড়াতে পারব, না ব্যায়াম করতে পারব। আর আমি যদি ব্যায়াম করতে না পারি, তাহলে কী করি জানেন? খাই! বলতে পারেন, মিষ্টিপ্রেমী দানবে পরিণত হই। তাই এটা নিয়ে একটু চিন্তায় আছি।”

পাজল খেলে সময় কাটাচ্ছেন রাশমিকা মান্দানা
এর আগে ইন্ডিয়া টুডে জানায়, রাশমিকার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা তাকে ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এরপর ধাপে ধাপে পুনর্বাসনের মাধ্যমে তাকে সুস্থ করে তোলার পরিকল্পনা করা হয়েছে; যাতে টেন্ডন সম্পূর্ণভাবে জোড়া লাগার পরই আবার শুটিংয়ে ফিরতে পারেন।
চিকিৎসকদের পরামর্শে রাশমিকা তার ব্যস্ত শুটিং শিডিউল ও বিভিন্ন বাণিজ্যিক কাজ স্থগিত করেছেন। একাধিক ব্র্যান্ডের প্রচারের কাজ ছাড়াও রাশমিকার হাতে এখন বড় বাজেটের দুটো সিনেমার কাজ রয়েছে। সিনেমাগুলো হলো—‘রানাবালি’ ও ‘মায়সা’।

রাশমিকা মান্দানা
বিয়ের পর ‘মায়সা’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরেন রাশমিকা। আদিবাসী অঞ্চলের পটভূমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। আবেগঘন অ্যাকশন-থ্রিলারটি রাশমিকা মান্দানার প্রথম নারী-কেন্দ্রিক প্যান-ইন্ডিয়া চলচ্চিত্র। এটি প্রযোজনা করছে আনফর্মুলা ফিল্মস। এটি পরিচালনা করছেন রবীন্দ্র পুল।