নিজস্ব প্রতিবেদক || রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও তিনি বলেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, “ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে একটি কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের অন্যান্য নদীর পানিদূষণ প্রতিরোধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ডিএসসিসি প্রশাসক বলেন, “শিল্পকারখানার বর্জ্য যেন অপরিশোধিত অবস্থায় নদীতে না পড়ে, সে লক্ষ্যে প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যেসব শিল্পপ্রতিষ্ঠান এ নির্দেশনা বাস্তবায়ন করবে না, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
মো. আবদুস সালাম বলেন, “নদী রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদার করা হবে, যাতে রাজধানীসহ দেশের নদীগুলোর পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা সম্ভব হয়।”