বিনোদন ডেস্ক || বলিউড অভিনেত্রী হুমা কুরেশির প্রেম-বিয়ে নিয়ে জল্পনা কম হয়নি। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। তারপরও গত বছরের শেষের দিকে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি। পরবর্তীতে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন এই অভিনেত্রী।

কয়েক দিন আগে হিন্দিুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন হুমা কুরেশি। এ আলাপচারিতায় তার কাছে জানতে চাওয়া হয়, কবে বিয়ে করবেন? জবাবে হুমা কুরেশি বলেন, “আপনার এবং আমার মায়ের একই প্রশ্ন! আমি কবে বিয়ে করব, এ প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। বিয়ে যখন হওয়ার হবে; আমার অনেক কাজ বাকি আছে। এই বছরে আমার হাতে অনেক কাজ, আমি এখন সেদিকেই মনোযোগ দিচ্ছি।”

রচিত সিংয়ের সঙ্গে বাগদান-বিয়ের গুঞ্জনে বলিপাড়া মুখরিত হওয়ার পর গত বছর বম্বে টাইমসকে সাক্ষাৎকার দেন ক্ষুব্ধ হুমা কুরেশি। এ আলাপচারিতায় তিনি বলেছিলেন, “এ বিষয়ে আমি কী বলতে পারি? মানুষের হাতে অনেক সময়। এটা নিশ্চিত, সঠিক সময় এলে আমি নিজের মুখেই ঘোষণা করব। কিন্তু আমি বলার আগেই মানুষ নিজেরাই ধরে নেয় এবং ঘোষণা করে ফেলে। যখন সেটা সত্যিই ঘটবে, তখন সবাই জেনে যাবে। আমি কেন গুঞ্জনের সমাপ্তি টানব? আমি তো এটা ছড়াইনি…। কেউ এটা পরিকল্পনা অনুযায়ী করেছে। আমার বিয়ে হলে সবাই জানবে।”

রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। ‘রচিত সিং ওয়ার্কশপ’ নামে তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, আনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।

হুমা কুরেশি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বেবি ডু ডাই ডু’। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন। এর মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন এই অভিনেত্রী। গত ৩ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে তার হাতে ৩টি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো—‘পূজা মেরি জান’, ‘গুলাবি’ ও ‘টক্সিক’।