হবিগঞ্জ প্রতিনিধি || হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানে বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মাওলানা মশহুদ আহাম্মদ (৪০), ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) ও দক্ষিণ ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়ার ছেলে কাশেম মিয়া (৫০)।
পুলিশ জানায়, ভোরে পাঁচজন সবজি ব্যবসায়ী একটি পিকআপ ভ্যানে সদর উপজেলার চাষীবাজারে সবজি কিনতে যাচ্ছিলেন। পথে বড়চর এলাকায় বিপরীত দিক থেকে আসা লাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর ব্যবস্থা করে।