নিজস্ব প্রতিবেদক || চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
ফল জানা যাবে তিনভাবে
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল দেখা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল পাওয়া যাবে। উদাহরণ SSC Dha 123456 2026।
মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের SSC MAD ROLL YEAR এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের SSC TEC ROLL YEAR লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী ছিল।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
ফল পুনঃনিরীক্ষণের সুযোগ
প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ জন্য আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
ফল প্রকাশের দিন একদিকে যেমন সফল শিক্ষার্থীদের ঘরে আনন্দের ঢেউ উঠেছে, তেমনি কাঙ্ক্ষিত ফল না পাওয়া শিক্ষার্থীদের অনেকের জন্য দিনটি এসেছে হতাশা নিয়ে। তবে, ফলাফলই শেষ কথা নয় ভুলত্রুটি থাকলে পুনঃনিরীক্ষণের সুযোগও থাকছে।