খেলাধুলা ডেস্ক || দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপে অংশগ্রহণের পথ যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারল না। ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে জায়গা করে নিতে আবারও বাছাইপর্বের লড়াইয়ে নামতে হবে ক্যারিবীয়দের।
এবারের বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে সরাসরি জায়গা নিশ্চিত করেছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল। সেই তালিকায় রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
আফগানিস্তানের সরাসরি বিশ্বকাপ নিশ্চিত হওয়াটাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ধাক্কা হয়ে এসেছে। বেলফাস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে আফগানিস্তান নিজেদের জায়গা নিশ্চিত করার পরই পরিষ্কার হয়ে যায়, র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে ওঠার আর কোনো সমীকরণ নেই ক্যারিবীয়দের সামনে।
বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে আইসিসির নির্ধারিত সময়সীমার আগে ভারতের বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। তবে ওই দুই ম্যাচ জিতলেও সরাসরি বিশ্বকাপের টিকিট পাওয়ার মতো অবস্থানে ফিরতে পারবে না তারা। অর্থাৎ, গত বিশ্বকাপের দুঃস্বপ্নের পথেই আবারও হাঁটতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে।
বাছাইপর্বই এখন শেষ ভরসা
২০২৩ বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্বে গিয়ে সেখান থেকেও মূল পর্বের টিকিট কাটতে ব্যর্থ হয়েছিল তারা। ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের মূল পর্বের বাইরে থাকার সেই ধাক্কার পর এবারও সরাসরি জায়গা হারানো ক্যারিবীয় ক্রিকেটের সংকটকেই আরও স্পষ্ট করছে।
এবার ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আয়ারল্যান্ড, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর সেরা দলগুলো এবং কোয়ালিফায়ার প্লে-অফ পেরিয়ে আসা দলগুলো।
তবে বাছাইপর্ব পার হওয়ার পথও একেবারে সরল নয়। বাছাইপর্বের চ্যাম্পিয়ন হলে সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারলেও লড়াই শেষ হয়ে যাবে না। শীর্ষ চারের মধ্যে থাকতে পারলে পরবর্তী ‘সুপার সিরিজ’ প্লে-অফে খেলার সুযোগ থাকবে তাদের। সেখান থেকেই বিশ্বকাপের শেষ টিকিটের জন্য লড়াই করতে হবে।
প্লে-অফের চূড়ান্ত কাঠামো এখনও নির্ধারিত হয়নি। তবে আট দলের ওই পর্ব থেকে শেষ পর্যন্ত একটি দল বিশ্বকাপের টিকিট পাবে।