বিনোদন প্রতিবেদক || নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার অভিনয়জীবনে শাবনূরের সঙ্গে জুটি বেঁধে অধিক আলোচিত হয়েছেন। একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয়ের সুবাদে সেই সময় তাদের ঘিরে প্রেমের গুঞ্জনও ছড়িয়েছিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সালমানের পরিবারের পক্ষ থেকে তাকে ‘হত্যার’ অভিযোগও তোলা হয়েছে। বিভিন্ন সময়ে তার স্ত্রী সামিরা হকের দিকেও সন্দেহের আঙুল উঠেছে।
মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর, এফডিসিতে ‘প্রেম পিয়াসী’ সিনেমার ডাবিংয়ে অংশ নেন সালমান শাহ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন শাবনূর। সেদিন ডাবিং সেটে সামিরাও উপস্থিত ছিলেন।
২০১৭ সালে প্রথম ডাককে দেওয়া এক সাক্ষাৎকারে সেই দিনের ঘটনা বর্ণনা করেন সামিরা হক। তার দাবি—ডাবিংয়ের সময় শাবনূর বারবার সালমান শাহর সঙ্গে কানে কানে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি এমন একটি দৃশ্য দেখেন, যা তাকে ক্ষুব্ধ করে।
সামিরা হকের ভাষ্য, “সে সালমান শাহকে জড়িয়ে চুমু খাচ্ছিল, এটা আমি দেখে ফেলি। এগুলো দেখে আমার ভালো লাগেনি।”
স্মৃতির খাতা ঘেঁটে ঘটনার বর্ণনা দেন সামিরা হক। তিনি বলেন, “৫ সেপ্টেম্বর বিকালে ইমনের (সালমান শাহ) সঙ্গে এফডিসিতে ডাবিং দেখতে যাই। ইমন তখন রেজা হাসমতের ‘প্রেম পিয়াসী’ সিনেমার ডাবিং করছিল। এতে ইমনের বিপরীতে ছিল শাবনূর। ডাবিংয়ের মধ্যেই শাবনূর বারবার ইমনের সঙ্গে কানে কানে কথা বলার চেষ্টা করছিল। সে সালমান শাহকে জড়িয়ে চুমু খাচ্ছিল—আমি এটাও দেখে ফেলি। এগুলো দেখে আমার ভালো লাগেনি। বিষয়টি প্রথমে আমি আব্বাকে (সালমান শাহর বাবা) জানাই। আব্বার সঙ্গে আমি খুব ফ্রি ছিলাম। আমি তাকে বললাম, আমি আর এক মুহূর্তও এখানে থাকব না।”
ডাবিং সেট থেকে ওঠে যান সামিরা হক। এটা টের পান সালমান শাহ। এ বিষয়ে সামিরা হক বলেন, “ইমন আমার পেছন পেছন আসছিল আর বলছিল, কী হয়েছে? কী হয়েছে? আমি অন্য কিছু না বলে ‘বাসায় যাব’ বলে গাড়িতে ওঠে বসি। ইমন শরীর খারাপের কথা বলে ডাবিং প্যাকআপ করেন। সেদিন শাবনূরের কাছ থেকে বিদায় না নিয়েই ইমন আমাদের সঙ্গে দ্রুত গাড়িতে ওঠে। আমি রেগে গিয়েছি বুঝতে পেরে ইমন পরিচালক বাদল ভাইকেও সঙ্গে নিয়ে গাড়িতে ওঠে। গাড়ির বাঁ দিকে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম। ইমন বারবার বলছিল, বাদল ভাই আমার বউটা রাগ করে ফেলল! বাদল ভাই সান্ত্বনা দিচ্ছিল, আরে না ঠিক হয়ে যাবে। আমাদের লক্ষ্মী ভাবি। ইমন আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। তার পরে আমরা বাসায় চলে আসি। ইমন বলেছিল, শাবনূরের সঙ্গে আর সিনেমা করবে না।”
চলচ্চিত্রে তারকা খ্যাতি পাওয়ার আগেই সালমান শাহ ও সামিরা হকের সম্পর্কের শুরু। ১৯৯২ সালের ১২ আগস্ট, ভালোবেসে বিয়ে করেন তারা। এরপর সালমান শাহর চলচ্চিত্র ক্যারিয়ারের উত্থানের পুরো সময়জুড়েই তার সঙ্গে ছিলেন সামিরা।
তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, সালমান শাহর আকস্মিক মৃত্যু তার ব্যক্তিজীবন, দাম্পত্য সম্পর্ক ও চলচ্চিত্রজীবনকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দেয়। তার মৃত্যুর কারণ নিয়ে আজও বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক রয়েছে।