বিনোদন প্রতিবেদক || চলচ্চিত্র নির্মাতা তানভীর আহমেদ সেজান নির্মাণ করছেন নতুন সিনেমা ‘আসল প্রেমিক’। নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক আফফান মিতুল।
গত ৯ আগস্ট, রোমান্টিক একটি গানের দৃশ্যধারণের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেন হাবীবুর রহমান। মেকআপ আর্টিস্ট ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এনায়েত আলী হিরু।
‘আসল প্রেমিক’ সিনেমায় একক নায়ক হিসেবে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আফফান মিতুল। নিজের অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, “সিনেমাটির নির্মাতা ও নায়ক তানভীর আহমেদ সেজান ‘মিস ডায়না’, ‘মনে পড়ে তোমাকে’, ‘লাঠি’, ‘বাধা’, ‘স্বপ্নের রাজা’সহ বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি যখন আমাকে একক নায়ক হিসেবে ‘আসল প্রেমিক’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেন, তখন আমি সুযোগটি লুফে নিই।”
চলতি বছরে ব্যস্ত সময় পার করছেন আফফান মিতুল। এরই মধ্যে সায়মন তারিকের ‘গোমর’, জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’ এবং অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
বড়পর্দায় নিয়মিত অভিনয় করতে চান আফফান মিতুল। অভিনয়ের পাশাপাশি সপ্তাহে একদিন ‘একাত্তর এন্টারটেইনমেন্ট’-এর পডকাস্ট উপস্থাপনাও করছেন তিনি।
গত বছর জাজ মাল্টিমিডিয়ার ‘ময়না’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় চিত্রনায়ক হিসেবে অভিষেক হয় আফফান মিতুলের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়।