বিনোদন ডেস্ক || গত জুলাই মাসে কাঁধে আঘাত পান ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা জুনিয়র এনটিআর। গত ১১ আগস্ট, হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।
অস্ত্রোপচারের পর হাসপাতাল কর্তৃপক্ষ জুনিয়র এনটিআরের স্বাস্থ্য বুলেটিন প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মূল্যায়ন ও বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শক্রমে জুনিয়র এনটিআরের অস্ত্রোপচারের প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে। চিকিৎসকেরা মনে করেন, আর্থ্রোস্কোপিক সার্জারি তার সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়াকে এগিয়ে নিতে এবং স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে সহায়তা করবে।
জুনিয়র এনটিআরের শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল টিম বলেছে, “সফলভাবে অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে, এনটিআর এখন ভালো আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিকল্পিত পুনর্বাসন কর্মসূচি শুরু করবেন তিনি। চিকিৎসকেরা আশা করছেন—দুই থেকে তিন মাসের মধ্যে এনটিআর স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।”
পুনর্বাসন প্রক্রিয়াতে এখন মনোযোগ দেবেন জুনিয়র এনটিআর। চিকিৎসকরা তার শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। ধীরে ধীরে তাকে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনা হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চলতি সপ্তাহের শুরুতে জুনিয়র এনটিআরের টিম জানিয়েছিল, গত মাসে কাঁধে পাওয়া আঘাতের চিকিৎসার অংশ হিসেবে কেআইএমএস হাসপাতালে অস্ত্রোপচার করাবেন। মেডিকেল মূল্যায়নের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার সুস্থ হয়ে ওঠার পুরো সময় চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখবেন বলেও জানানো হয়েছিল।
জুনিয়র এনটিআর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা ‘দেবারা’। কোরাতলা শিবা নির্মিত এ সিনেমা ২০২৪ সালে মুক্তি পায়। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেন জাহ্নবী কাপুর, সাইফ আলী খান, প্রকাশ রাজ প্রমুখ। এরপর অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এতে তার সহশিল্পী ছিলেন হৃতিক রোশান, কিয়ারা আদভানি, অনীল কাপুর প্রমুখ। বর্তমানে প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ সিনেমার কাজ করছেন জুনিয়র এনটিআর। সিনেমাটি ২০২৭ সালে মুক্তির কথা রয়েছে।